কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী
- আপলোড সময় : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ জামায়াতে যোগ দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) কটিয়াদী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন যোগদানকারীরা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিয়মিতভাবে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। এরপর তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় আয়োজিত একাধিক রাজনৈতিক সভা-সমাবেশে বক্তব্য দেন।
এ ছাড়া কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০-দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি। পাশাপাশি ঢাকা-১১ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা, ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালেদুজ্জামান, কিশোরগঞ্জ-৫ আসনে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী জনসভায় নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন।
গত ২২ জানুয়ারি নিজ এলাকার মানুষ ও অনুসারীদের জামায়াতে যোগদানের আহ্বান জানান মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তার আহ্বানে সাড়া দিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। এর ধারাবাহিকতায় শনিবারও শতাধিক মানুষ একই প্রক্রিয়ায় জামায়াতে যোগদান করেন।
এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছি। দেশ ও মানুষের কল্যাণে নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। আমি মনে করি সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আজ যারা যোগদান করেছেন, তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই এসেছেন।














