দেশে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট
- আপলোড সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটে। ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২০৮ কিলোমিটার।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি মৃদু শ্রেণির ভূমিকম্প। এর উপৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তর-পূর্বের সিলেটে। যার অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে।
একই তথ্য জানিয়ে প্রতিবেশী ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দেশটির ত্রিপুরা রাজ্যের আমারপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। ওইদিন প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।












