আত্রাই নদীতে গসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
- আপলোড সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ২৯৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ১২টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন গত রোববার স্বপরিবারে ঢাকা থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। বুধবার সকালে তারা খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকায় একটি লিচু বাগানে যান; ফেরার পথে কালিরবাজার ঘাটে নদীতে নেমে চারজন একসঙ্গে গোসল শুরু করেন।
একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নদী থেকে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান,ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন, পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, নদীর পানি তুলনামূলক কম থাকলেও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হয়,ওই গর্তেই তারা তলিয়ে যান।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে; ড্রেজারের কারণে সৃষ্ট গভীর গর্তে গোসল করতে নামলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় দ্বিতীয় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























