প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- আপলোড সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা-সংক্রান্ত সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।























