বাজেটে ‘যাকাত’ শব্দের অভাব, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির
- আপলোড সময় : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৯ বার পড়া হয়েছে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘যাকাত’ শব্দের উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি সুদভিত্তিক অর্থনীতির সমালোচনা করে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাজেটে অপচয় রোধের কথা বলা হলেও যাকাতের উল্লেখ নেই। তিনি বলেন, নামাজ কায়েম ও যাকাত চালুর মাধ্যমে মানুষের চরিত্র ঠিক হয় এবং ক্ষুধা-দারিদ্র্য দূর হয়। সুদের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সুদ খাওয়া ৩৬ বার জেনা করার চেয়েও জঘন্য অপরাধ।
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর প্রস্তাব দিয়ে তিনি জানান, দেশে সঠিকভাবে যাকাত আদায় করা গেলে ২ লাখ কোটি টাকা সংগ্রহ সম্ভব। তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়ে বলেন, হারাম টাকা ঘুষ দিয়ে হালাল করা যায় না।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে তিনি বলেন, এমপিওভুক্ত নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শর্তসাপেক্ষে তিন কিস্তিতে এমপিওভুক্ত করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় নবীর (সা.) সুন্নত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মসজিদে রাজনীতি করা যাবে না— এমন মন্তব্যের জবাবে জানান, মদিনা রাষ্ট্রের রাজধানী ছিল মসজিদে নববী। ঋণ নিয়ে মারা যাওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে মারা গেলে কোনো ভালো আমলই কাজে আসবে।
























