অভিযোগের পর আগৈলঝাড়ায় ভাঙা হলো আয়রন ব্রিজ
- আপলোড সময় : ০৮:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের পর প্রশাসনের উদ্যোগে ভাঙা হয়েছে দুশমী-করিমবাজার খালের ওপর নির্মিত আয়রন ব্রিজের ত্রুটিপূর্ণ অংশ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজের ঢালাই অংশে বাঁশের কঞ্চি ব্যবহারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ সংগ্রহেরও। গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রশাসন বিষয়টি নজরে নেয়।
উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনের পর নিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ অংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের উপস্থিতিতে সেই অংশ ভাঙা হয়।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন, কারণ নিম্নমানের নির্মাণ কাজের কারণে ব্রিজটি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো। উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















