ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রস্তুতি
- আপলোড সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৩৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে ইসরায়েল নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। দেশটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সামরিক পরিকল্পনাও প্রস্তুত করছে, তবে আপাতত সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালিতে ইরানের হামলার পর নতুন দফার সংঘাত শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত এতে সরাসরি অংশ নেয়নি। যুক্তরাষ্ট্রও তেল আবিবকে অভিযানে যোগ দেওয়ার কোনো অনুরোধ করেনি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার রাতে নিরাপত্তা বৈঠক করেন, যেখানে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামিরও বলেন, বাহিনী যে কোনো সময় অভিযানে ফিরতে প্রস্তুত।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচ জানান, বর্তমানে যুদ্ধে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ইরানের শাসনব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে, যা ইসরায়েলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
একটি সূত্রের মতে, ইরানের অর্থনীতি দুর্বল হচ্ছে এবং সাম্প্রতিক মার্কিন হামলার ফলে দেশটির পরিবহন ও বাণিজ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, সংঘাত বাড়লে তারা যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে পারে।
নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টা করছেন, যদিও এখনও বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি। তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন।
























