কুমিল্লায় সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনায় আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল জারি
- আপলোড সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২৩০ বার পড়া হয়েছে
কুমিল্লায় সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা ক্ষতিপূরণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১) চলাচলের সব রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনা, সড়কের নির্ধারিত গতিবিধি মেনে চলার পদক্ষেপ গ্রহণ এবং পরিবহনের দৃশ্যমান স্থানে গাড়ির ফিটনেস সার্টিফিকেট স্থাপন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
গত মে মাসে দায়ের করা রিটে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান গুরুতর আহত হন এবং তার চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়।
এছাড়া, রিটে সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় কুইক রেসপন্স টিম গঠন এবং পরিবহনের বেপরোয়া গতি কমাতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিবাদীদের ব্যর্থতা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।





















