আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশ করল
- আপলোড সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৪১ বার পড়া হয়েছে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশ করেছে। রোববার (২৬ জুলাই) রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, লিডস করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাগীর আহমেদ অপূর্ব, এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকারসহ অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের শতভাগ শাখায় লিডস করপোরেশন লিমিটেডের সিবিএস সফটওয়্যার ‘ব্যাংক আল্টিমাস’ এর মাধ্যমে অটোমেশন বাস্তবায়িত হবে। আগামী ৯ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ম্যানুয়াল ব্যাংকিং পদ্ধতির কারণে গ্রাহক সেবা ধীরগতির ছিল, যা ব্যাংকিং কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করেছিল। সিবিএস বাস্তবায়নের ফলে ব্যাংকের আধুনিক মোবাইল অ্যাপ, EFTN, RTGS, NPSB এবং অনলাইন CIBসহ ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী এক বছরের মধ্যে এই আধুনিক সেবাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সিবিএস ও ডিজিটাল চ্যানেলগুলো চালু হলে গ্রাহকরা রিয়েল-টাইম অনলাইন লেনদেন, দ্রুত আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর ও ডিজিটাল ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন।
























