৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট
- আপলোড সময় : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ২২৬ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
৩০ জুলাই রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছিল, কিন্তু জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
হামিদুর রহমান আযাদ আরও জানান, দেশে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে বিএনপির সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়। ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ১১ দলীয় জোট।

























