উখিয়া-টেকনাফে অপহরণের ঘটনায় আতঙ্কে শতাধিক পরিবার এলাকা ছেড়েছে
- আপলোড সময় : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২২৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে অপহরণ ও মুক্তিপণের ঘটনায় আতঙ্কে শতাধিক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন বছরে ৩২০ জন অপহরণের শিকার হয়েছেন।
স্থানীয় বাসিন্দা খালেদা বেগম জানান, ২৮ জুন রাতে তাঁর বাড়ির চারপাশে গোলাগুলি শুরু হয়। ওই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তার কারণে নিজ বাড়িতে ফিরতে পারেননি। বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া-নোয়াখালী জুম্মাপাড়াসহ পাহাড়ঘেঁষা এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।
স্থানীয়দের দাবি, অপহরণের ঘটনায় আতঙ্কিত হয়ে শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। গত ১৭ জুলাই বাহারছড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকায় ১২ বছর বয়সী আরাফাত অপহৃত হয় এবং মুক্তির জন্য ১২ লাখ টাকা দাবি করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পাহাড়ঘেঁষা এলাকায় প্রায়ই গুলির শব্দ শোনা যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, তাঁর ওয়ার্ডে ৩০ থেকে ৪০টি পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।
কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, অপহরণ ও মুক্তিপণের ঘটনার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বাহারছড়া এলাকায় পুলিশের মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।
























