ডেমরায় ব্র্যাকের কিস্তি পরিশোধে নারীকে চাপ প্রয়োগ,৫ লক্ষ টাকা ঋনের চাপে আত্মহত্যা
- আপলোড সময় : ১২:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২২৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় আজিমুন্নেসা (৫২) নামে এক গৃহিনীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পূর্ব-বক্সনগর হযরত হাজী রোডের জনৈক ফারুকের বাড়ীর তৃতীয় তলা থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা শুক্রবার ভোর সকাল থেকে সাড়ে ৮ টার মধ্যে যে কোন সময় নিজ ঘরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ওই নারী। তবে মৃতের স্বামী রাজমিস্ত্রী আব্দুল মজিদ মোল্লা (৬৩) ঘর থেকে ভোড় সাড়ে ৪ টার দিকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর সকাল সাড়ে ৮ টার দিকে তার স্ত্রীর মৃত্যুর খবর পান। এদিকে পারিবারিকভাবেও অভিযোগ রয়েছে প্রায় ৫ লক্ষ টাকা ঋনের চাপে ওই নারী আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে ওই দিন বিকালেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন মৃতের স্বামী।
মৃতের স্বামী আব্দুল মজিদ মোল্লা মোবাইল ফোনে বলেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর গত ৩৫ বছর আগে আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে আজিমুন্নেসার। তিনি মেয়ের বিয়ে দেওয়াসহ নানা কারণে ব্র্যাক, আশা ও প্রশিকাসহ মোট ৭ টি এনজিও প্রতিষ্ঠান থেকে প্রায় ৫ লক্ষ টাকা ঋন উত্তোলন করেন। এদিকে ব্র্যাকের কিস্তি পরিশোধে দেরি হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা গত ৩০ অক্টোবর চাপ প্রয়োগ করেন আমার স্ত্রীকে। এ সময় ওই কর্মকর্তা বলেন, ঋন পরিশোধ না করে আপনি মরে গেলে উল্টো আমি ১০ হাজার টাকা দিয়ে যাবো। তারপর থেকে মানসিক চাপে পড়েন আজিমুন্নেসা। এ সংসারে আমাদের ৩ মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী বর্তমান ঠিকানায় বসবাস করি।
মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার সকালে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বের হয়ে যাবে।






















