সরকারি হাসপাতাল, খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য পার্ক নির্মাণের প্রতিশ্রতি সিপিবি প্রার্থীর
- আপলোড সময় : ১১:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন মোস্তফা দিপু কাস্তে মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেন।
প্রচারণাকালে সিপিবি প্রার্থী তোফাজ্জল হোসেন মোস্তফা দিপু বলেন, স্বাধীনতার পর থেকে ঢাকা-৫ এলাকার মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিগত দিনে যারা এই এলাকার সংসদ সদস্য ছিলেন, তারা কেউই উন্নয়নের কোনো স্মৃতি রেখে যাননি। তিনি অভিযোগ করে বলেন, এই আসনে এখনো কোনো সরকারি হাসপাতাল নেই, সরকারি কলেজ নেই, খেলাধুলার মাঠ নেই, এমনকি শিশুদের জন্য একটি পার্কও নেই।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকায় একদিন বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। সামান্য উন্নয়ন কাজও কেউ করে যায়নি। আমরা গুলশান-বনানীর মতো এলাকার চেয়েও বেশি ভ্যাট ও ট্যাক্স দিই, অথচ উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমাদের এলাকায় যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কেউ দেখাতে পারে, তাহলে আমি নিজে তাকে পুরস্কৃত করবো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাস্তে মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করবো এবং এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।
এ সময় গণসংযোগে সিপিবির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে এবার বিকল্প রাজনৈতিক শক্তিকে সুযোগ দেওয়ার সময় এসেছে।















