মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় এজাহারভুক্ত ৪ আসামি গ্রেফতার
- আপলোড সময় : ০২:৫৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের পর এক কিশোরীকে হত্যার আলোচিত মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব-১১) ও জেলা পুলিশের যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন কোতালিচর হোসেন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ এবাদুল্লাহ (৪০),
২) মোঃ আইয়ুব (৩০),
৩) আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ আলী দেওয়ান (৬৫),
৪) মোঃ ইমরান দেওয়ান (৩২)।
তারা সবাই মাধবদী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে স্থানীয় নূর মোহাম্মদ ওরফে নূরার প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি রাতে তাকে ফুসলিয়ে কোতালিচর হোসেন বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন বিষয়টি পরিবার জানতে পারে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিচার করার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো এলাকা ছাড়ার চাপ সৃষ্টি করেন।
এরপর ২৫ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তার বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কোতালিচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়।
পরদিন সকালে মহিষাশুরা ইউনিয়ন-এর কোতালিচর দড়িকান্দি এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।























