তরুণদের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘Youth Impact Award 2026’ পেয়েছেন দ্য ডেইলি স্টারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব মাদবর।
আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘Youth Impact Summit 2026’ অনুষ্ঠানে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের (সিডব্লিউএফ) পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। তরুণদের দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এ সামিটের আয়োজন করা হয়।
চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের তথ্য মতে, ২০২৫ সাল থেকে তারা এ পুরস্কার দিয়ে আসছে। গত বছর তিনজনকে এ পুরস্কার দেওয়া হলেও এ বছর যাচাই-বাছাই শেষে একজনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
তরুণদের সঙ্গে কাজ করা, ইতিবাচক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ততা এবং তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে ভূমিকার জন্য রাকিব মাদবরকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।
পুরস্কার পাওয়ার বিষয়ে রাকিব মাদবর বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। একজন সাংবাদিক ও তরুণ নেতৃত্বকর্মী হিসেবে আমি মনে করি, তরুণদের সম্ভাবনা, তাদের কথা এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকা তুলে ধরা আমাদের দায়িত্ব। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’
তিনি আরও বলেন, ‘Youth Impact Summit-এর “Skills, Voice and Leadership”–এর বার্তা তরুণদের এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা ও কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এই স্বীকৃতি সেই কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়েছে।’
অনুষ্ঠানে তরুণদের দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি সামাজিক পরিবর্তনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।##