ইরানে সীমিত হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
- আপলোড সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা ঠেকাতে দেশটির ভূখণ্ডে সীমিত হামলার পরিকল্পনা করছেন। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের দ্বীপগুলোতে রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন রোধ করার লক্ষ্যে এই পরিকল্পনা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, ইরান যদি রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে সক্ষম হয়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালানোর সম্ভাবনা বেড়ে যাবে।
মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম গত সপ্তাহে সীমিত হামলার এই পরিকল্পনা তৈরি করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন।
যদিও ট্রাম্প গত রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় নতুন হামলার পক্ষে অবস্থান নেননি, তবে নতুন সংঘাতের প্রেক্ষাপটে তিনি এই পরিকল্পনাটিতে অনুমোদন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত দুই মাসে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। ইরানি সামরিক স্থাপনায় হামলা, সমুদ্রপথ থেকে মাইন অপসারণ এবং জাহাজকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।
এদিকে, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরান আবারও নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এর অংশ হিসেবে দেশটি রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে।















