ডেমরায় স্বামী-শ্বশুর বাড়ীর লোকজনের প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ: গ্রেফতার অভিযুক্ত স্বামী কারাগারে
- আপলোড সময় : ১১:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মাদকাসক্ত স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের প্ররোচনায় কবিতা আক্তার শিল্পী (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার ওই নারীর স্বামী মো. বাদল হোসেন কে (৪০) শুক্রবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন বেলা ১১ টার দিকে ৭২/১৩ পশ্চিম শান্তিবাগ এলার শ্বশুর বাড়ী থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শুক্রবার বিকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে এ ঘটনায় মৃতের বড় বোন রাজিয়া ওই দিন দুপুরে ডেমরা থানায় অভিযুক্ত গ্রেফতার বাদল ও তার মা নুরজাহান বেগম ও বড় ভাই চঞ্চলের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। অভিযুক্তরা ডেমরার শান্তিবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, বিগত ২০০৯ সালে পারিবারিকভাবে ঢাকার মুগদা থানাধীন উত্তর মান্ডা এলাকার বাসিন্দা শিল্পীর সঙ্গে বিয়ে হয় বাদলের। ওই সংসারে দুই সন্তান রয়েছে। এদিকে দীর্ঘদিন বাদল মাদকাসক্ত অবস্থায় শিল্পীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরসহ অমানসিক নির্যাতন করতো। এ সময় প্রতিবাদ জানালে বাদল তার স্ত্রীকে মরার জন্য প্ররোচনা দিয়ে বলতো “তুই মরতে পারিস না”।
ওসি তাইফুর রহমান আরও বলেন, আর এ বিষয়ে মৃতের বড় বোন বাদলের মা ও বড় ভাইকে জানালে তারা কোন কর্ণপাত করতোনা। পরবর্তীতে সালিশ বৈঠক করেও বাদলের অত্যাচারের বিষয়টি সমাধান হয়নি। পরবর্তীতে গত ১৫ অক্টোবর বড় বোনের সঙ্গে শেষ কথা হয় শিল্পীর। আর ১৬ অক্টোবর ভোড় সাড়ে ৪ টার বাদল মৃতের বড় বোনকে ফোন করে আত্মহত্যার খবর জানায়।











