মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ছিনতাই,ছিনতাইকারী কারাগারে
- আপলোড সময় : ০২:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার মো. তাজুল ইসলাম (৪৬) নামের ছিনতাইকারীকে রোববার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে কোনাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয় ১২ টায় ডগাইর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম নামের ওই ভুক্তভোগী মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ছিনতাইকারী চক্র। এদিকে এ ঘটনায় শনিবার রাতে ভূক্তভোগীর শ্যালক সাগর ডেমরা থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলা করেন। ওই মামলায় তদন্ত করে পুলিশ ছিনতাইকারী তাজুলকে গ্রেফতার করে। তিনি কোনাপাড়া কোনাপাড়া শপিং কমপ্লেক্সের রিপন খানের বাড়ীর ভাড়াটিয়া ও তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
জানা গেছে, ডেমরার কোনাপাড়ায় বন্যা টেলিকম নামে দোকানে মোবাইল ব্যাংকিং ব্যবসা করেন আবুল কালাম। দোকান বন্ধ করে লেনদেনের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও ব্যবসায়িক এবং ব্যক্তিগত মিলিয়ে মোট ১০টি মোবাইল ফোন ব্যাগে নিয়ে গত ২৪ এপ্রিল রাত সোয়া ১২ টার দিকে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে পৌঁছানো মাত্রই পেছন থেকে ৩ থেকে ৪ জন দুষ্কৃতিকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরক্ষণেই ধারালো অস্ত্রসহ ভারী ধাতব বস্তু দিয়ে মাথার তিনটি স্থানে ও মুখের নিচে মারাত্মক কাটা-রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোবাইল ফোনগুলো পার্শ্ববর্তী রাস্তায় ফেলে রেখে যায় দুষ্কৃতিকারীরা। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) জানান, গ্রেফতার তাজুল ইসলাম ঘটনার আগে ঘটনাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিল। তার কোনো নির্দিষ্ট পেশাও নেই। তার বিরুদ্ধে এলাকায় দস্যুতা ও ছিনতাইসহ নানা অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাছাড়া গ্রেফতার-পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো কথাবার্তা বলেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত তাজুলের বিরুদ্ধে ২০১১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মারামারি ও গুরুতর জখমসহ একাধিক ধারায় মামলার রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪ ধারায় অর্থাৎ দস্যুতাকালীন স্বেচ্ছায় আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।






















