পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
- আপলোড সময় : ০২:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে বুধবার (৮ জুলাই) দুপুরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। হামলায় মেঙ্গাল অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পুরো খুজদার শহরকে প্রকম্পিত করে।
হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন।
ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তিনি জানান, শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন।
পুলিশ জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

























