সৌদি আরবে বিদেশিদের জন্য জমি ও সম্পত্তি কেনার নতুন নীতিমালা
- আপলোড সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সৌদি আরব বিদেশিদের জন্য জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করার লক্ষ্যে নতুন নীতিমালা ঘোষণা করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।
সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতাকে ‘সৌদি প্রপার্টি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বিদেশিদের সম্পত্তি মালিকানার অনুমোদন সংক্রান্ত আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এই পদক্ষেপটি সৌদি সরকারের চলমান সংস্কার কর্মসূচির অংশ, যা রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করতে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করতে সহায়তা করবে।
নতুন নীতিমালার আওতায় বিদেশিরা রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা সহ সৌদি আরবের সব শহর ও গভর্নরেটে সম্পত্তি কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে; সেখানে শুধুমাত্র মুসলিম ব্যক্তিরা এবং বিদেশি শেয়ারধারী সৌদি কোম্পানিগুলো সম্পত্তির মালিক হতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে নির্ধারিত ভৌগোলিক এলাকা ও সম্ভাবনাময় বিনিয়োগের তথ্য তুলে ধরা হবে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সম্পত্তি লেনদেন করতে পারেন।






















