রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম
- আপলোড সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেছেন।
নাহিদ ইসলাম বলেন, ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি ভয়াবহ উদাহরণ। তিনি উল্লেখ করেন, রাতভর চলা ভাঙচুর ও লুটপাটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা গভীর উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, রাজধানীর বুকে একটি হাসপাতাল গুঁড়িয়ে দেয়ার ঘটনায় সরকারের অস্তিত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তার বিষয়টিও উল্লেখ করেন, যা তিনি দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
























