ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প
- আপলোড সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২২৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ইরানিরা বাথরুমে গেলেও যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে পারে না।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কী করছে, তার সবকিছুই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইরান নতুন রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল, যা যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস করা হয়েছে।
ট্রাম্প বলেন, "আমরা দেখেছি তারা কী তৈরি করছে। তারা কী করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আমাদের নজরদারি থেকে তারা নড়তেও পারে না।" তিনি আরও জানান, ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন।
এদিকে, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এখন "খুব শক্ত নিয়ন্ত্রণ" রয়েছে। তিনি বলেন, প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী জাহাজ এই নৌপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে।















