সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন
- আপলোড সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৫০৪ বার পড়া হয়েছে
সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিভিন্ন স্থানে সংঘটিত সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে তাদের বারবার নির্যাতনের শিকার হতে হয়। এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই—আর কোনো মিথ্যা মামলা বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়; এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, “সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার যেভাবে বিস্তার ঘটেছে—তা অত্যন্ত উদ্বেগজনক। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন এমআরইউ নেতৃবৃন্দ—মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল, আরাফাত হিমেল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর ও বাপ্পি প্রমুখ। তারা কর্মসূচিতে সংহতি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে বলেও তারা ঘোষণা দেন।
কর্মসূচিতে এমআরইউ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






















