ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- আপলোড সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
রাজধানী ডেমরায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ডেমরা সেতুর পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা অনুমান (৪৫) ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা সেতুর নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান অজ্ঞাত ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালেগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এদিকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও ডিএমপির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা কাজ করছেন বলে পুলিশ জানিয়েছেন।
অন্যদিকে ডেমরায় আরকটি দুর্ঘটনায় সুমন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পদ্মাপুর পূর্বপাড়ার বাসিন্দা এবং বর্তমানে ডেমরার মদিনাবাগ এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বেলা ১১টার দিকে ডেমরা থানাধীন মীরপাড়া এলাকায় তার কর্মস্থলের পাশের একটি পরিত্যক্ত ভবনের নিচে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় ট্রপিক্যাল মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিবারের ধারণা, তিনি পাশের একটি পরিত্যক্ত গোডাউনের ছাদে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। এই ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
এসব বিষয় নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানিয়েছেন, উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






















