প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’
- আপলোড সময় : ১২:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৫২ বার পড়া হয়েছে
দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাসলিমা মৌ। সম্প্রতি রিয়াদের হোটেল ডি প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিজের দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা, প্রবাসে বাংলা গানের প্রসার এবং বিদেশের মাটিতে কর্মরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম নিয়ে কথা বলেন তাসলিমা মৌ। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের গাওয়া কয়েকটি গানের অংশবিশেষ পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন তিনি।
সংগীতশিল্পী তাসলিমা মৌ জানান, ২০০৭ সালে সংগীতজগতে তাঁর পথচলা শুরু হয়। দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে তিনি সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সময়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান পরিবেশনসহ সংগীতাঙ্গনে নানা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
তিনি বলেন, দেশে ও প্রবাসে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রসারে কাজ করে যেতে চান। বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জীবন, অভিজ্ঞতা ও অনুভূতির সঙ্গে দেশীয় সংগীতের সংযোগ ঘটানোও তাঁর অন্যতম লক্ষ্য।
সৌদি আরবে ইতিমধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাসলিমা মৌ বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে দূরদেশে বসবাস করা প্রবাসীদের সুখ-দুঃখ, পরিশ্রম ও আত্মত্যাগ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের চাকা সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের শ্রম, উপার্জন ও অবদান দেশের অর্থনীতি এবং সামগ্রিক অগ্রগতিতে বিশেষ তাৎপর্য বহন করে। প্রবাসীদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তাসলিমা মৌ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকেও তিনি আজীবন সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। এ ধরনের স্বীকৃতি তাঁকে সংগীতচর্চা অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগায় বলে জানান তিনি।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় দেশীয় সংগীত, সুস্থ সংস্কৃতিচর্চা এবং প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাবে।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের মাইল কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশি নারী উদ্যোক্তা নাসিম আক্তার। এ সময় সংগীত, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশাকে সামনে নিয়ে আসে।













