টাঙ্গাইলে বিদ্যুতের দাবিতে জামায়াত-এনসিপির বিক্ষোভ ও সড়ক অবরোধ
- আপলোড সময় : ০৪:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে ১ জুলাই, বুধবার, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। জ…
টাঙ্গাইলের মির্জাপুরে ১ জুলাই, বুধবার, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ শেষে জামায়াতের নেতারা জানান, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বেলা ১১টার দিকে কয়েক শতাধিক নেতাকর্মী মির্জাপুর বাইপাস এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে তারা বাওয়ার কুমারজানি এলাকায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে স্বারকলিপি দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় জামায়াতের যুগ্ম সম্পাদক আবু আলমাছ মিয়া বলেন, "লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বিদ্যুতের ডিজিএম বরাবর স্বারকলিপি দেওয়ার পর যদি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন না করা হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, মির্জাপুর গ্রিডে বিদ্যুতের চাহিদা ৮০-৯০ মেগাওয়াট হলেও বর্তমানে ১৫-২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এলাকাভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। গোড়াই শিল্পাঞ্চলে উৎপাদনে বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মহাসড়ক অবরোধের ঘটনায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত রোববারও একই দাবিতে স্থানীয় গ্রাহকরা মহাসড়ক অবরোধ করেন।






















