যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জে শতাধিক পরিবার গৃহহীন
- আপলোড সময় : ০২:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। গত দুই সপ্তাহে সদর, কাজিপুর ও চৌহালী উপজেলায় শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। নদীর তীব্র স্রোতের কারণে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে ৩০ থেকে ৪০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। স্থানীয়দের মতে, নদীর ভাঙন অব্যাহত থাকলে আরও শতাধিক পরিবার গৃহহীন হতে পারে। একই অবস্থা চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে, যেখানে ৪০ থেকে ৫০টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে।
গত ২০ জুন সদর উপজেলার বাহুকা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০ মিটার অংশ ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে, তবে স্থানীয়রা আশঙ্কা করছেন যে, পানি আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
ভাঙনের শিকার অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে বা অন্যের জমিতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, “বাবা-দাদার ভিটা ছিল, সব নদীতে চলে গেছে।” অন্যদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন সরকার জানান, গত দুই সপ্তাহে আরও ৩০টি পরিবার গৃহহীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং সরকারি সহায়তা দেওয়া হবে।

























