ডেমরায় মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপলোড সময় : ১০:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় অবস্থিত মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুল গাফফার সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ শাহ আলমগীর, প্রতিষ্ঠানের দাতা মোঃ খালেদ আহমেদ শিশু, ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স জর্জ, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান রিপন, গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উল্লাহ এবং সারুলিয়া এলাকার এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পুরস্কার বিতরণী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।












