রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ২
- আপলোড সময় : ১০:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় রাকিবুল হাসান ও আকাশ নামের ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে আহত করেছে বলেও খবর পাওয়া গেছে। গত সোমবার (০২ নবেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শান্ত মিয়া বলেন, আমি আগে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিবুল হাসান ও ঢাকা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশের সাথে থেকে তাদের দেওয়া মাদক বিক্রি করতাম। কিছুদিন যাবৎ আমাদের এমপি সাহেবের নির্দশনায় মাদক বিক্রি বন্ধ করে দেই। এরপর থেকে তারা আমার বাসায় কয়েকবার পুলিশ পাঠিয়ে তল্লাশি চালিয়ে হয়রানি করে। এতেও আমি রাজি না হওয়ায় গত সোমবার রাতে রাকিবুল, আকাশসহ ৩০/৪০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা চালায়। এসময় তারা আমাকে ও আমার স্ত্রী নাজমা বেগমকেও মারধর করে। হামলাকারীরা আমার ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া বলেন, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা। লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়ে এসেছি তাদেরকে। অভিযোগ পেলে আই সহযোগিতা করা হবে।










