ইরান যুদ্ধের সময় আমিরাতে সেনা ও আয়রন ডোম পাঠিয়েছে ইসরায়েল
- আপলোড সময় : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ইসরায়েল যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে সেনা ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর তথ্য নিশ্চিত করেছে। তেল আবিবের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ এই বিষয়টি নিশ্চিত করেছেন, যা মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রথম প্রকাশ করে।
২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও, সামরিক সহযোগিতার এই রকম ঘটনা নজিরবিহীন। ইসরায়েলের কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) মধ্যে টেলিফোন আলাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরান উপসাগরীয় দেশটির দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা আয়রন ডোমের মাধ্যমে ভূপাতিত করা হয়। এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো আয়রন ডোমের বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার।
যুদ্ধের সময়, আরব আমিরাত দাবি করেছে যে, ইরান তাদের ওপর ৫৫০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। যদিও তারা ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আয়রন ডোম একটি ভ্রাম্যমাণ ও স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল এর আগে বিদেশে এই ব্যবস্থা বিক্রি করেছে, তবে অন্য কোনো দেশে এটি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম।






















