ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী ট্রাম্প
- আপলোড সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন অবরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে। তিনি সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’ তিনি দাবি করেন, দুই দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল, তবে তেহরান পরে আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই চুক্তি থেকে সরে আসে।
এর আগে, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকরের ঘোষণা দেন। তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নিরাপত্তা বাবদ অর্থ নেওয়া হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভব হলে এর পরিচালনার দায়িত্বও নেব।’ তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক ধনী দেশ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে, তাই যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সেবা বিনা মূল্যে পাওয়া উচিত নয়।
























