ডেমরায় মাদক বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
‘মাদকমুক্ত সমাজ চাই ভাই-ভাতিজা বাঁচাতে চাই’ এই স্লোগানে রাজধানীর ডেমরায় মাদক বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা (২ জুলাই) রাজাখালি সমাজবাসীর উদ্যোগে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন বাংলাদেশ নির্মাণ করি, মাদকমুক্ত সমাজ চাই, ভাই ভাতিজা বাঁচাতে চাই ও মাদকের বিষাক্ত খাবার রেখে দিতে হবে বাবা এমন বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।
এর আগে ওই এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার-অবৈধ পাচার, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলম চান। এদিন বাদ জুম্মা রাজাখালি জামে মসজিদ থেকে একটি মাদকবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে ৬৯ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদকাসক্ত হওয়া আর আত্মহত্যার মধ্যে কোন পার্থক্য নেই। যারা মাদক অফার করে তারা কখনো বন্ধু হতে পারে না। মরণব্যাধি এইডসের অন্যতম কারণ মাদকাসক্তি। আর জীবন একটাই বলে তাকে ভালবাসতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজে যেভাবে মাদকের বিস্তার লাভ করেছে এতে করে ভবিষ্যতে বাংলাদেশে কোন আলোকিত মানুষ থাকবে বলে আর মনে হয় না। তাই এখন থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সবাইকে।























