দাউদকান্দিতে ১৬০ কেজি গাঁজা জব্দের পর ওসির প্রত্যাহার
- আপলোড সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১০ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে সেটি বিক্রির অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় এ বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ওসি মো. আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এদিকে, তিনি ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ করেন।
অবশ্য, অভিযোগ অস্বীকার করে ওসি আবদুল বারী জানান, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’
























