নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের ঘটনা
- আপলোড সময় : ১২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি সেলিম মিয়া (৪৫) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) বিকালে চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এই ঘটনা ঘটে। সেলিম মিয়া শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম মিয়ার বিরুদ্ধে হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির অভিযোগে চারটি মামলা রয়েছে। পুলিশ বিকালে তাকে গ্রেপ্তার করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। ফেরিঘাটে পৌঁছালে স্থানীয়রা জড়ো হয়ে এক পুলিশ সদস্যকে ইট দিয়ে আঘাত করে সেলিমকে ছিনিয়ে নেয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, আহত পুলিশ সদস্য আব্দুল আলিম চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তিনি জানান, আসামি তাকে ইট দিয়ে আঘাত করেছে। এক্স-রে করা হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশ সায়দাবাদ এলাকায় গেলে স্থানীয়রা জড়ো হয়ে আসামিকে পালিয়ে যেতে সাহায্য করে। তবে তিনি দাবি করেন, এ সময় কোনো পুলিশ সদস্য আহত হননি।

























