ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের রুটিতে ছত্রাকের অভিযোগের তদন্ত শুরু
- আপলোড সময় : ০১:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বনরুটিতে ছত্রাক পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। প্রাথমিক শিক্ষা বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন টিফিন হিসেবে বনরুটি গ্রহণ করেন, তখন শিক্ষকরা দেখতে পান রুটিগুলোর উপর সবুজ রঙের ফাঙ্গাস রয়েছে এবং রুটির মানও নিম্নমানের। বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম জানান, “রুটিতে ফাঙ্গাস দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতরণ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাসযুক্ত রুটি সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে আগামী রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।”
শিশুখাদ্য সরবরাহকারী সংস্থা ইএসডিওর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন, মেয়াদ থাকা সত্ত্বেও বনরুটিতে ফাঙ্গাস কিভাবে পড়েছে, তা তিনি বুঝতে পারছেন না এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা না বলে মন্তব্য করা সম্ভব নয়।

























