রাজশাহীতে পরিত্যক্ত কূপে মহিষের মৃত্যু, স্থানীয়দের ক্ষোভ
- আপলোড সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি পরিত্যক্ত কূপে পড়ে একটি মহিষের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে একই কূপে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যুর পরও কূপটি বন্ধ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৭ জুন) বিকালে দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটির মালিক বিকাশ খা। তিনি প্রায় দেড় বছর আগে ২ লাখ ৩০ হাজার টাকা দিয়ে দুটি মহিষ কিনেছিলেন। একটি মারা যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। বিকাশের মেয়ে মন্দিরা খা জানান, মহিষটি খোলা কূপে পড়ে যায় এবং তার বাবা ঘটনাস্থলে এসে অচেতন হয়ে পড়েন।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, কূপটি পানি দিয়ে ভরাট করলে মহিষের মৃতদেহ ভেসে উঠতে পারত। তবে মালিকের আগ্রহ না থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, যার কারণে দুর্ঘটনা ঘটেছে।
বাশির উদ্দিন বাবু জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হলেও জমির মালিক আর কাগজপত্র নিয়ে যাননি। বিএমডিএর গোদাগাড়ী জোন-২-এর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান বলেন, কূপটি বন্ধ করার কথা ছিল, কেন তা করা হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
























