প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন এমপি লিটন
- আপলোড সময় : ১০:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন এক পরিবারের চার বাক-প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন।
রোববার (২৮ জুন) সকালে এমপির প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ উপজেলার বালিপাড়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি শামীম মিয়ার কর্মসংস্থানের জন্য একটি দোকান এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিএনপি নেতা সামাল উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামীম মিয়া, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য, একটি ভাড়া দোকানে চা বিক্রি করে তাদের ভরণ-পোষণ চালান। সম্প্রতি তাদের জীবনসংগ্রামের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিভিন্ন মহলে আলোচনায় আসে।
এমপি প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ জানান, সংসদ অধিবেশন চলায় এমপি লিটন নিজে উপস্থিত হতে পারেননি, তবে তিনি প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।

























