নাটোরে আদালত ভবনে আইনজীবীর ওপর হামলা, আটক কাবিল উদ্দিন
- আপলোড সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
নাটোরে আদালত ভবনে ঢুকে আইনজীবী আসাদুল ইসলাম আসাদের ওপর হামলা করেছে এক দুর্বৃত্ত। সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজকোর্টের শেরেস্তায় এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসাদুল ইসলাম নাটোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলামের সঙ্গে চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় জমি নিয়ে কাবিল উদ্দিনের বিরোধ চলছিল। আদালত আসাদুল ইসলামের নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করলে কাবিল উদ্দিন ক্ষিপ্ত হন।
সোমবার দুপুরে আদালতে এসে কাবিল উদ্দিন আসাদুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং লাঠি দিয়ে মারপিট করেন। হামলার সময় অন্য আইনজীবী ও সহকারীরা আসাদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত আসাদুল ইসলাম বলেন, হামলাকারী কাবিল উদ্দিন আদালতে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন এবং তার কাছে হাতুড়িসহ অস্ত্র ছিল। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাব্বানী বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা আমাদের হতবাক করেছে এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, ঘটনার পর হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।























