সাবেক এমপি রুহির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো
- আপলোড সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক আওয়ামী লীগের এমপি মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আসামির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জামিন চেয়ে শুনানি করেন।
আইনজীবী জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, “তিনি (রুহি) দুইবারের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা নেই।” রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত রুহির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন রাজু গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।






















