প্রধান বিচারপতির নির্দেশ: বিচারকদের কর্মস্থল ত্যাগে অনুমতির প্রয়োজন
- আপলোড সময় : ০৮:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারকদের কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ শনিবার সিলেটের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের’ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্দেশনা প্রদান করেন।
বিচারকদের আইন ও বিচারিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করা বিচার বিভাগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সিলেট বিভাগের বিচারকদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজিরকরণসহ বিচারিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন।
সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।


























