ইউরোপে খাদ্যের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ
- আপলোড সময় : ০৫:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৫ বার পড়া হয়েছে
গত পাঁচ বছরে ইউরোপজুড়ে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে কিছু দেশে ন্যূনতম মজুরি বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের খাদ্য কেনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আবার কিছু দেশে মূল্যস্ফীতির কারণে তা কমেছে।
সম্প্রতি ইউরোনিউজ বিজনেসের বিশ্লেষণে ইউরোপের ২৬টি দেশের ন্যূনতম মজুরি ও খাদ্যপণ্যের দামের পরিবর্তন তুলে ধরা হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম গড়ে ৩৪ শতাংশ বেড়েছে।
হাঙ্গেরিতে খাদ্যের দাম ৫৭ শতাংশ, বুলগেরিয়ায় ৫৪ শতাংশ এবং রোমানিয়ায় ৫৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে, সাইপ্রাসে দাম বেড়েছে ২১ শতাংশ। বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ফ্রান্সে খাদ্যের দাম ২৫ শতাংশ, ইতালিতে ৩০ শতাংশ, জার্মানিতে ৩৪ শতাংশ এবং স্পেনে ৩৫ শতাংশ বেড়েছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির ক্ষেত্রে হাঙ্গেরি ৯৩ শতাংশ বৃদ্ধি নিয়ে শীর্ষে রয়েছে। জার্মানিতে ৪৬ শতাংশ, স্পেনে ২৯ শতাংশ এবং ফ্রান্সে ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে সব দেশে শ্রমিকদের খাদ্য কেনার সক্ষমতা বৃদ্ধি পায়নি।
বিশ্লেষণে দেখা গেছে, মাল্টা, স্পেন ও ফ্রান্সে খাদ্য ক্রয়ক্ষমতা কমেছে। মাল্টায় ৬ শতাংশ, স্পেনে ৫ শতাংশ এবং ফ্রান্সে ৪ শতাংশ কমেছে। অন্যদিকে, সার্বিয়া ও মন্টেনেগ্রোতে খাদ্য কেনার সক্ষমতা বেড়েছে ৩৭ শতাংশ করে।
তুরস্কে খাদ্যের দাম ৭৫২ শতাংশ বেড়েছে, যেখানে ন্যূনতম মজুরি বেড়েছে ৮২৩ শতাংশ। ফলে সেখানে খাদ্য কেনার সক্ষমতা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই বিশ্লেষণে বাড়িভাড়া ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেয়া হয়নি।













