ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
- আপলোড সময় : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ছয় উপজেলায় এক হাজার ৭৮৫ টিকাকেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১৮০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. কামরুজ্জামান বলেন, ইপিআই সেন্টারগুলোতে সকাল থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।























