দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহেশখালীতে এলএনজি স্থানান্তর ব্যাহত, গ্যাস সরবরাহ কমেছে
- আপলোড সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর ব্যাহত হচ্ছে। এর ফলে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), যার মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার ব্যাহত হচ্ছে।
পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।














