অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপলোড সময় : ১১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ও অর্থপাচারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের ভিত্তি স্বচ্ছতা, তাই যেকোনও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বর্তমান সরকারের সময়েও দুর্নীতির অভিযোগ তুলেছে। তিনি উল্লেখ করেন, ‘গত ১৮ মাসে কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা জড়িত—এসব দুদকের মাধ্যমে তদন্ত করে বের করা উচিত।’
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে গণতান্ত্রিক জবাবদিহিতার অভাবে দেশে ‘লুটেরা অর্থনীতি’ ও ‘ক্রনি ক্যাপিটালিজম’ গড়ে উঠেছে। এই সময়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার এবং ২৯ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
বর্তমান সরকারের ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের প্রসঙ্গে তিনি বলেন, এটি ‘বাজেট অব নিউ ইকোনমিক অর্ডার’ এবং জনকল্যাণকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে নতুন কর আরোপ করা হয়নি। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে এবারের বাজেটের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।























