সরকারি চিকিৎসকের অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখা নিয়ে বিতর্ক
- আপলোড সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের এক সরকারি চিকিৎসক, ডা. মো. ইনজামাম উল হক, অফিস চলাকালে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের দেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে এই ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, ডা. ইনজামাম উল হক এক রোগীর আলট্রাসনোগ্রাম করছেন। সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করলে তিনি দ্রুত বেরিয়ে যান। স্থানীয় বাসিন্দা মিনার আহমেদ ও সাকির আলী জানান, তারা ডাক্তারকে দৌড়ে বেরিয়ে আসতে দেখেন এবং পরে তিনি ফেসবুকে লাইভ করে জানান যে তিনি নামাজ পড়তে এসেছেন।
এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, সরকারি বেতন নিয়ে অফিস সময় প্রাইভেট হাসপাতালে রোগী দেখা অনৈতিক। অন্যদিকে, চাঁপাই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও তত্ত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ দাবি করেন, ডা. ইনজামাম দুপুরের বিরতির সময় হাসপাতালে এসেছিলেন এবং ঘটনাটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
ডা. ইনজামাম উল হক ফোন রিসিভ করেননি, তবে রাতে তিনি ফেসবুকে লেখেন যে সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন জানান, সংশ্লিষ্ট চিকিৎসক অফিসে ছিলেন এবং অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















