বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
- আপলোড সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বরিশালের মুলাদী উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা বেল্লাল হোসেন সরদারের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে মুলাদী সদর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। অভিযোগকারী কর্মকর্তা মো. জাকির হোসেন সিকদার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, নদীভাঙন কবলিত অসহায় মানুষের জন্য সরকারি ত্রাণের চাল বিতরণের তালিকা প্রস্তুত করার সময় বেল্লাল ও তার সহযোগীরা জাকির হোসেনের অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তারা তাকে মারধর করেন এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেন।
জাকির হোসেন অভিযোগ করেছেন, পূর্বেও বেল্লাল তার অফিসের আসবাবপত্র তছনছ করেছে এবং সরকারি চাল বিতরণে বাধা দিয়েছে। স্থানীয় এক সদস্য জানিয়েছেন, বেল্লাল ২০ শতাংশ চালের জন্য ৩০ জনের তালিকা দিতে চেয়েছিলেন, কিন্তু পরিষদ ২০ জনের নাম দিতে বললে তিনি রাজি হননি।
মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নিতে কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে, বেল্লাল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই দিন পরিষদে ছিলেন না এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ারও বিষয়টি তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন।


























