সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে
- আপলোড সময় : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধনের জন্য বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত জানায়। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন। এছাড়া, কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাসের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই সুবিধার আওতায় থাকবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যু করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, কিওয়া প্ল্যাটফর্ম ঘোষণা করেছে যে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম ১ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে অপসারণ করা শুরু হবে। নিয়োগকর্তাদের আইনি জটিলতা ও আর্থিক জরিমানা এড়াতে দ্রুত বকেয়া ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


















