জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- আপলোড সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি তুলে ধরেন।
তিনি জানান, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার দাবিতে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ৯ জুলাই রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান; ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা; এবং ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে একই ধরনের কার্যক্রম।
এছাড়া ১ আগস্ট সারা দেশে গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করবে জামায়াত। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

























