মেহেরপুরে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার, আতঙ্ক ছড়ালো এলাকায়
- আপলোড সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকায় বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রজব আলীর ছেলে আক্কাস আলী এই বস্তু দুটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলী বিষয়টি পুলিশকে জানালে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি, রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’
আক্কাস আলীর পরিবার অভিযোগ করেছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাদের প্রতিবেশীদের সঙ্গে প্রায় ৬ মাস ধরে বিরোধ চলছে। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন এবং বুধবার জমির কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবি করেছেন।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানিয়েছেন, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

















