সাভারে প্রেশার কুকার বোমা উদ্ধার, ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে
- আপলোড সময় : ০১:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সাভারের একটি মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন। ড্রামটির ভেতরে কাপড়চোপড় ও প্রেশার কুকার দেখতে পান। স্থানীয় সূত্রের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘বিষয়টি সকালে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’ তিনি আরও জানান, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারটির ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’
এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।




















